নিউজ বাংলা লাইভ ডেস্ক:- পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার ভোগপুর রেল স্টেশনের কাছে মর্মান্তিক রেল দুর্ঘটনায় মৃত্যু হল নবম শ্রেণির এক স্কুলছাত্রীর। মৃত ছাত্রীর নাম সোমা জানা। তাঁর বাড়ি কোলাঘাট থানার বাঙালপুর এলাকায়। তিনি ভোগপুর কে. এম. হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমার বাবা শম্ভু জানা পেশায় দিনমজুর। প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার সময় রেললাইনের ধারে দুর্ঘটনার কবলে পড়েন সোমা। স্থানীয় সূত্রের দাবি, রেললাইন ধরে স্কুলে যাওয়ার পথেই আচমকা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে যান তিনি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ, ঘটনাস্থলে থাকা রেল পুলিশ তাঁদের আহত সোমাকে অন্যত্র নিয়ে যেতে বাধা দেয়। পরিবারের দাবি, রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনাটি রেলের এলাকায় ঘটেছে এবং রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আহতকে অন্যত্র নিয়ে যাওয়া যাবে না। এমনকি তাঁদের দাবি, আহতকে নিয়ে গেলে মামলা হতে পারে বলেও সতর্ক করা হয়েছিল। পরিবারের অভিযোগ, এই বাধার জেরে প্রায় আধ ঘণ্টা আহত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে থাকতে হয় সোমাকে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। সেই সময় জফুলি দেশপ্রাণ হাইস্কুলের শিক্ষক অরুণ বালা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষয়টি দেখতে পান বলে জানা গিয়েছে। অভিযোগ, তিনি আর কোনও বাধার তোয়াক্কা না করে দ্রুত আহত ছাত্রীকে উদ্ধার করে নন্দাইগাজন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সোমাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি রেল পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুলটি রেললাইনের একেবারে কাছে হওয়ায় প্রতিদিন বহু পড়ুয়াকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। তাই ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে, তার জন্য রেললাইনের পাশে অবিলম্বে নিরাপত্তা বেষ্টনী তৈরি এবং পড়ুয়াদের স্কুলে যাতায়াতের জন্য নিরাপদ রাস্তার ব্যবস্থা করার দাবি উঠেছে। পরে কোলাঘাট থানার পুলিশ নন্দাইগাজন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে সোমার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, রেল পুলিশের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ উঠেছে, সেই বিষয়ে এখনও রেল পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মৃত ছাত্রীর মা সরস্বতী জানা এবং প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য প্রদীপ কুমার বেরা ঘটনার বিষয়ে তাঁদের বক্তব্য জানিয়েছেন।