নিউজ বাংলা লাইভ ডেস্ক:- বিধানসভায় আজ, বৃহস্পতিবার, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন সংক্রান্ত সংশোধনী বিলের উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার যাদবপুরে গেরুয়া সম্মান যাত্রার শেষে আয়োজিত সভা থেকেই নিজেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, উচ্চশিক্ষা দপ্তরের এই বিল ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে এবং বুধবারই রাজ্যপালের সম্মতিও মিলেছে। মুখ্যমন্ত্রীর দাবি, উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপক ও শিক্ষাকর্মীদের নিয়ে একটি নতুন নীতি কার্যকর করার লক্ষ্যেই এই সংশোধনী বিল আনা হচ্ছে। তিনি বলেন, “বিধানসভায় কাল (বৃহস্পতিবার) উচ্চশিক্ষা দপ্তরের ঐতিহাসিক বিল আসতে চলেছে। ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। রাজ্যপালের সম্মতিও পাওয়া গিয়েছে।” পাশাপাশি, বিলটি নিয়ে বিধানসভায় বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য উচ্চশিক্ষামন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রীর কাছে তিনি নিজে ২০ মিনিট বক্তব্য রাখার সুযোগ চেয়েছেন বলেও জানান। ফলে বৃহস্পতিবার বিধানসভায় এই বিলকে ঘিরে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং সরকারের নতুন উচ্চশিক্ষা নীতির রূপরেখা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ নজর থাকবে।