নিউজ বাংলা লাইভ ডেস্ক ,তমলুক:- তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের মেচেদা বাসস্ট্যান্ডে উত্তেজনা ছড়াল। সোমবার রাতে মেচেদা বাসস্ট্যান্ড চত্বরে একটি শ্রমিক সংগঠনের অফিসে তালা ঝোলানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। একইসঙ্গে বাসস্ট্যান্ড এলাকায় মাইকিং করে ব্যবসায়ীদের কোনও নেতাকে বা সংগঠনকে তোলা না দেওয়ার জন্য সতর্ক করা হয়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বিশ্বকর্মা পুজোর সময় থেকেই বিএমএসের কয়েকজন নেতাকর্মী ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি ও নেওয়া করছিলেন। তাঁদের আরও অভিযোগ, সম্প্রতি মেচেদা বাসস্ট্যান্ড চত্বরে বিএমএসের একটি শ্রমিক সংগঠনের অফিস খোলা হয়। সেই অফিস থেকেই ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে টাকা আদায় এবং হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগ সামনে আসার পর সোমবার রাতে এলাকার বিজেপি নেতৃত্ব বিষয়টি নিয়ে সরব হন। এরপর মেচেদা বাসস্ট্যান্ড চত্বরে মাইকিং করে ব্যবসায়ীদের কোনওভাবেই তোলা না দেওয়ার জন্য প্রচার চালানো হয়। পরে বিজেপির পক্ষ থেকে ওই শ্রমিক সংগঠনের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।