নিউজ বাংলা লাইভ ডেস্ক:- নন্দীগ্রামের হাইভোল্টেজ উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথের নামই চূড়ান্ত হতে চলেছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক হিসেবে পরিচিত প্রয়াত চন্দ্রনাথ রথের মাকে প্রার্থী করার জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। এবার সেই জল্পনাই সত্যি হতে চলেছে বলে জানা যাচ্ছে। সূত্র মারফত খবর, আজই তিনি বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন পেশ করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। যদিও বিজেপির তরফে এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র ছেড়ে আসার পর থেকেই এই কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি কাকে প্রার্থী করবে, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। একাধিক নাম নিয়ে আলোচনা ও জল্পনা চললেও প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথের নামই বারবার সামনে আসছিল। শেষ পর্যন্ত তাঁকেই প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। ফলে নন্দীগ্রামের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে চলেছে।