Breakingজেলানন্দীগ্রামপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজরাজনীতিরাজ্যশীর্ষ খবর

শুভেন্দুর হুঁশিয়ারি, ‘ভোট করাতে জানি, জয়ের মার্জিন হবে অকল্পনীয়’

নিউজ বাংলা লাইভ ডেস্ক:- নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানী রথের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে হলদিয়ায় আয়োজিত সভা থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রার্থী পরিচিতি পর্বে বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রামবাসীর উদ্দেশে তিনি একাধিক প্রতিশ্রুতি দেন। শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামে যত মিথ্যা মামলা রয়েছে, সেগুলি প্রত্যাহার করা হবে। পাশাপাশি এলাকায় একগুচ্ছ উন্নয়নমূলক কাজ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। তাঁর দাবি, ২০২১ সালে নন্দীগ্রামের মানুষ যে ধরনের পরিষেবা পেতেন, সেই পরিষেবা আগামী ২০৩১ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি বলেন, ভোট কীভাবে করাতে হয়, তা তিনি জানেন এবং এমন মার্জিনে জয় হবে, যা কেউ কল্পনাও করতে পারেনি। একইসঙ্গে সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে তাঁর মন্তব্য, ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে তাঁদের জন্য এবার ‘পরীক্ষা দেওয়ার সময়’। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

মনোনয়ন জমা দেওয়ার আগে হলদিয়ার কদমতলা এলাকা থেকে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে পায়ে হেঁটে প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করেন শুভেন্দু অধিকারী। এরপর তিনি হলদিয়া মহকুমা শাসকের দফতরে পৌঁছন। সেখানেই বিজেপি প্রার্থী হাসিরানী রথ তাঁর মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নকে কেন্দ্র করে এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নন্দীগ্রামের উপনির্বাচনকে সামনে রেখে বিজেপি যে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, শুভেন্দু অধিকারীর বক্তব্যে তারই ইঙ্গিত মিলেছে। অন্যদিকে, তাঁর সংখ্যালঘুদের উদ্দেশে করা মন্তব্য ঘিরে নির্বাচনী রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *