নিউজ বাংলা লাইভ ডেস্ক:- নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে স্থানীয় বাসিন্দাদের জন্য এল সুখবর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার থেকে হলদি নদীতে চালু হল ইলেকট্রিক ভেসেল পরিষেবা। হলদিয়া ও নন্দীগ্রামের মধ্যে জলপথে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল হলদিয়া-নন্দীগ্রাম ফেরি সার্ভিস। এবার সেই পরিষেবার সঙ্গে যুক্ত হল আধুনিক ইলেকট্রিক ভেসেল।
সোমবার সকাল থেকেই এই নতুন ভেসেল পরিষেবা চালু হয়। মাত্র ১০ টাকা ভাড়ায় হলদিয়া ও নন্দীগ্রামের মধ্যে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। পরিষেবা চালু হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকেই ভেসেলে ওঠার জন্য সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। স্কুলপড়ুয়া থেকে শুরু করে অফিসযাত্রী এবং নিত্যযাত্রী—সকলেরই ভেসেলে ওঠার ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো।
নতুন এই ইলেকট্রিক ভেসেলটি যাত্রীদের কথা মাথায় রেখে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ভেসেলটি শীততাপ নিয়ন্ত্রিত, ফলে গরমের মধ্যেও আরামদায়কভাবে নদীপথে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। পাশাপাশি আগের তুলনায় কম সময়ে গন্তব্যে পৌঁছনোর সুবিধাও মিলবে বলে জানা যাচ্ছে।
হলদি নদী পেরিয়ে হলদিয়া ও নন্দীগ্রামের মধ্যে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। তাঁদের জন্য এই নতুন ইলেকট্রিক ভেসেল পরিষেবা যাতায়াতকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করবে বলেই আশা করা হচ্ছে। দীর্ঘদিনের অপেক্ষার পর পরিষেবা চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা।