Breakingজেলাতমলুকপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজরাজ্যশীর্ষ খবরস্বাস্থ্য

তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে খাবার খেয়ে অসুস্থ চিকিৎসক থেকে পড়ুয়া, তদন্ত কমিটি গঠন

নিউজ বাংলা লাইভ ডেস্ক, তমলুক:- তাম্রলিপ্ত গভমেন্ট মেডিক্যাল কলেজের ফাউন্ডেশন ডে-র অনুষ্ঠানে খাবার খাওয়ার পর পড়ুয়া ও চিকিৎসকদের একাংশ অসুস্থ হয়ে পড়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রায় ৫০০ জনের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। কলেজের নীচের ক্যান্টিন থেকেই বরাবরের মতো খাবার নেওয়া হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পরের দিন থেকেই একাধিক পড়ুয়া ও চিকিৎসক পেট ব্যথা, লুজ মোশন, ডায়রিয়া, বমি বমি ভাব-সহ বিভিন্ন শারীরিক সমস্যার কথা জানাতে শুরু করেন। প্রায় ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি কলেজ কর্তৃপক্ষের। তাঁদের মধ্যে এক-দু’জন পড়ুয়াকে জরুরি বিভাগে নিয়ে গিয়ে স্যালাইনও দিতে হয়েছিল। বর্তমানে কেউ হাসপাতালে ভর্তি নেই এবং অধিকাংশ অসুস্থ ব্যক্তি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ওআরএস খেয়ে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল ইন্দ্রা দত্ত। চিকিৎসকদের মধ্যেও কয়েক জনের একই ধরনের উপসর্গ দেখা দিয়েছিল, যদিও তাঁদের কাউকে স্যালাইন নিতে হয়নি। কলেজের ফাইনাল ইয়ার-এর ছাত্র সৌমাল্য মিশ্রের অভিযোগ, ফাউন্ডেশন ডে-তে প্রায় ৫০০ প্যাকেট বিরিয়ানির অর্ডার দেওয়া হয়েছিল এবং খাবার খাওয়ার পরের দিন সকাল থেকেই একাধিক পড়ুয়ার পেটের সমস্যা, ডায়রিয়া ও বমি বমি ভাব শুরু হয়। খাবারে কোনও ধরনের সমস্যা বা অস্বাস্থ্যকর কিছু থাকার কারণেই এমনটা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ঘটনার জেরে পড়ুয়াদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তিন বিভাগীয় প্রধানকে নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। কমিটিতে রয়েছেন কমিউনিটি মেডিসিন, জেনারেল মেডিসিন এবং মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধানেরা। দ্রুত তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে আসার পরই খাবার থেকে অসুস্থতার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *