Breakingজেলানন্দীগ্রামপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজরাজ্যশীর্ষ খবর

নন্দীগ্রামে স্কুলে সারপ্রাইজ ভিজিট, পড়ুয়াদের সঙ্গে মাটিতে বসে মিড ডে মিল খেলেন জেলাশাসক-সহ প্রশাসনিক কর্তারা

নিউজ বাংলা লাইভ ডেস্ক, নন্দীগ্রাম :-  মিড ডে মিলের খাবারের গুণগত মান ও পড়ুয়াদের সঠিকভাবে খাবার দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে নন্দীগ্রামে দুটি স্কুলে সারপ্রাইজ ভিজিট করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। এদিন নন্দীগ্রাম-২ ব্লকের রেয়াপাড়া সিদ্ধনাথ প্রাথমিক বিদ্যালয় ও রেয়াপাড়া সিদ্ধিনাথ বালিকা বিদ্যালয়ে আচমকা পরিদর্শনে যান জেলাশাসক। তাঁর সঙ্গে ছিলেন হলদিয়া মহকুমা শাসক সুরভি সিংলা, নন্দীগ্রাম থানার আইসি অজয় মিশ্র-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। স্কুলে পৌঁছে পড়ুয়াদের সঙ্গে কথা বলার পাশাপাশি মিড ডে মিলের রান্না ও খাবারের মান খতিয়ে দেখেন তাঁরা। এরপর পড়ুয়াদের সঙ্গে মাটিতে বসে একইসঙ্গে মিড ডে মিল খান জেলাশাসক-সহ প্রশাসনিক কর্তারা। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের এভাবে পড়ুয়াদের সঙ্গে বসে খেতে দেখে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের মধ্যেও উৎসাহ দেখা যায়। জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেতে পেরে তাঁর খুব ভালো লেগেছে। তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানোর পাশাপাশি খাবারের গুণগত মানও খতিয়ে দেখা হয়েছে এবং মিড ডে মিলের মান ভালো রয়েছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে, রেয়াপাড়া সিদ্ধনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভয়কুমার পানিক জানান, তাঁর কর্মজীবনে এই প্রথম স্কুলে জেলাশাসক-সহ প্রশাসনিক আধিকারিকরা এসে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন এবং তাঁদের সঙ্গে সময় কাটালেন। স্কুলের পরিবেশ ও মিড ডে মিলের খাবারের মান দেখে আধিকারিকরা খুশি হয়েছেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *