নিউজ বাংলা লাইভ ডেস্ক :- আকাশভাঙা বৃষ্টি এবং নদীর বাঁধ ভেঙে যাওয়ার জোড়া ফলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায়। গ্রামীণ এলাকার পাশাপাশি এবার জলযন্ত্রণার তীব্র প্রভাব পড়েছে জেলা সদর তমলুক শহরেও। টানা বৃষ্টির জেরে তমলুক পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে শহরের ৮ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। রাস্তাঘাট থেকে শুরু করে বহু বাড়িঘর পর্যন্ত হাঁটুসমান জলের নিচে চলে যাওয়ায় কার্যত জলবন্দি হয়ে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। শুধু ৮ নম্বর ওয়ার্ড নয়, শহরের আরও বেশ কয়েকটি এলাকাতেও জল জমে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তমলুক শহরের এই জল জমার সমস্যা নতুন নয়, প্রায় চার দশক ধরে সামান্য ভারী বৃষ্টি হলেই একই দুর্ভোগের মুখে পড়তে হয় তাঁদের। দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি থেকে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে সমস্যার কথা জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, বছরের পর বছর সরকার ও রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হলেও তমলুকের নিকাশি ব্যবস্থার ছবির কোনও পরিবর্তন হয়নি। তাঁদের প্রশ্ন, আরও কতদিন জলবন্দি জীবন কাটাতে হবে? এবার প্রশাসনের কাছে দ্রুত একটি কার্যকর ও স্থায়ী নিকাশি পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন তমলুকবাসী।