Breakingজেলাদুর্ঘটনাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজরাজ্যহলদিয়া

প্রাকৃতিক দুর্যোগের মাঝে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, বাস উল্টে মৃত ২, আহত প্রায় ২০

নিউজ বাংলা লাইভ ডেস্ক:- প্রাকৃতিক দুর্যোগের জেরে সোমবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। আর সেই বৃষ্টির মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর উল্টে গেল যাত্রীবোঝাই বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যাত্রীর, আহত হয়েছেন চালক ও খালাসি-সহ প্রায় ২০ জন। সোমবার দুপুর নাগাদ হলদিয়া থেকে মেছাদার দিকে যাওয়ার পথে ব্রজলালচকের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে বাসটি হলদিয়া থেকে মেছাদার দিকে যাচ্ছিল। ব্রজলালচকের কাছে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতাল ও হলদিয়া বিসিরায় হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা গোপাল মাইতি (৪৮) এবং নিসিত রঞ্জন বাগ (৫৫)-কে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, নিসিত রঞ্জন বাগ বাড়বাজিতপুরের বাসিন্দা এবং পেশায় স্কুলশিক্ষক ছিলেন। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *