Breakingআবহাওয়াজল যন্ত্রনাজেলাদুর্ঘটনাপশ্চিমবঙ্গপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজরাজ্যশীর্ষ খবরস্বাস্থ্যহলদিয়া

তিন দিন পরেও জলবন্দি হলদিয়া, সাপের আতঙ্কে ১৪ নম্বর ওয়ার্ডের ২০০ পরিবার

নিউজ বাংলা লাইভ ডেস্ক:- প্রাকৃতিক দুর্যোগের রেশ কাটার তিন দিন পরেও জলযন্ত্রণা থেকে মুক্তি মেলেনি শিল্পশহর হলদিয়ার বিস্তীর্ণ এলাকার মানুষের। হলদিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তেতুলবেড়িয়া এলাকায় এখনও জমে রয়েছে হাঁটু ছাপিয়ে জল। জলবন্দি হয়ে পড়েছেন প্রায় ২০০টি পরিবারের কয়েকশো মানুষ। শুধু জলযন্ত্রণাই নয়, জমা জলের সঙ্গে বাড়ছে বিষাক্ত সাপ ও বিভিন্ন পোকামাকড়ের আতঙ্ক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘরের ভিতরেও ঢুকে পড়ছে সাপ ও বিষাক্ত পোকামাকড়, এমনকি বিছানাতেও আশ্রয় নিচ্ছে তারা। ফলে রাতের বেলায় ঘরে থাকতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। নিরাপত্তার কথা ভেবে অনেকেই বাড়িঘর ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। স্থানীয়দের দাবি, বছরের পর বছর ধরে নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণেই সামান্য দুর্যোগেও জল জমে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁদের অভিযোগ, শিল্পশহর হলদিয়ায় এমন জলযন্ত্রণা তাঁরা আগে কখনও দেখেননি। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। এখন একটাই প্রশ্ন—কবে নামবে জমা জল, আর কবে ফিরবে তেতুলবেড়িয়ার মানুষের স্বাভাবিক জীবন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *