নিউজ বাংলা লাইভ ডেস্ক:- রোগীর চিকিৎসা ও পরিষেবা নিয়ে পরিবারের অভিযোগ শুনেই তৎপর পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমার। শনিবার তমলুকে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে অভিযোগ পান তিনি। দিঘার বাসিন্দা জ্যোৎস্না পানি অসুস্থ হয়ে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের অভিযোগ, রক্তে শর্করা ও কিডনির সমস্যায় ভোগা ওই বৃদ্ধার চিকিৎসা নিয়ে একাধিক প্রশ্নের উত্তর তাঁরা ঠিকমতো পাচ্ছিলেন না। ইনসুলিন দেওয়ার নিয়ম ও খাওয়াদাওয়া নিয়ে জানতে গেলে দুর্ব্যবহারেরও অভিযোগ ওঠে। রোগীর ছেলে প্রদীপ পানি জেলা শাসকের কাছে বিষয়টি জানাতেই সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে যান তিনি। ওয়ার্ডে গিয়ে চিকিৎসার নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি নার্স ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন জেলা শাসক। রোগীর পরিবারের সঙ্গে প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে ভাগ করে নেওয়ার নির্দেশও দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। প্রয়োজন হলে ফোন বা মেসেজের মাধ্যমে চিকিৎসকদের কাছ থেকে তথ্য নিয়ে পরিবারকে জানানোর ব্যবস্থার কথাও বলেন তিনি। জেলা শাসকের দ্রুত পদক্ষেপে আপাতত স্বস্তি ফিরেছে রোগীর পরিবারে।