নিউজ বাংলা লাইভ ডেস্ক, আবহাওয়া:- বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রূকুটি। কয়েক দিন আগেই নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে ভিজেছিল বাংলা। সেই বৃষ্টির রেশ কাটতে না কাটতেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবারই এই ঘূর্ণাবর্ত আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। নতুন করে নিম্নচাপ তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে বাংলার আবহাওয়ায়। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে আগামী কয়েক দিন রাজ্যজুড়ে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে। নিম্নচাপটি কতটা শক্তিশালী হয় এবং কোন পথে এগোয়, তার উপরই বৃষ্টির তীব্রতা অনেকটাই নির্ভর করবে। নতুন নিম্নচাপের সম্ভাবনায় ফের এক দফা দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে রাজ্যজুড়ে।