নিউজ বাংলা লাইভ ডেস্ক, মহিষাদল: – রাজ্যে পালাবদলের পর উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের ২৪৭টি কলেজের পরিচালন কমিটির সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় মহিষাদল রাজ কলেজের পরিচালন কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দায়িত্ব পাওয়ার পর শনিবার প্রথমবার মহিষাদল রাজ কলেজে উপস্থিত হন তিনি। এদিন কলেজের পক্ষ থেকে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজে পৌঁছনোর পর নবনির্বাচিত পরিচালন কমিটির সভাপতি তথা সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাখি পরিয়ে এবং ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান কলেজের অধ্যক্ষ গৌতম মাইতি। এরপর তাঁর হাত দিয়েই জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, মহিষাদল রাজ কলেজের যথেষ্ট সুনাম রয়েছে বলে তিনি শুনেছেন। পরিচালন কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পর আজ প্রথম কলেজে এসেছেন। আগামী কিছুদিনের মধ্যে পরিচালন কমিটি গঠন করা হবে এবং কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে কলেজের থমকে থাকা উন্নয়নমূলক কাজগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি পড়াশোনার মানোন্নয়নের উপরও গুরুত্ব দেওয়া হবে। তাঁর কথায়, একটি শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের বিচ্ছিন্ন ঘটনা থাকতেই পারে, সেগুলির সমাধান করে কলেজের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও এগিয়ে নিয়ে যেতে হবে।