Breakingজেলানন্দীগ্রামপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজরাজনীতিরাজ্যশীর্ষ খবর

নন্দীগ্রাম আমার অগ্রাধিকার, একগুচ্ছ প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

নিউজ বাংলা লাইভ ডেস্ক, নন্দীগ্রাম: -আর কিছুদিনের মধ্যেই নন্দীগ্রামের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। তার আগেই নন্দীগ্রামে প্রশাসনিক সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভা থেকে নন্দীগ্রামবাসীর জন্য একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও নতুন প্রকল্পের ঘোষণা করেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, উপনির্বাচনের আগে নন্দীগ্রামে এই বিপুল উন্নয়নমূলক ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও নন্দীগ্রাম তাঁর অগ্রাধিকার এবং নন্দীগ্রামের জন্য আজকের দিনটি বিশেষ। এদিন ভিভিজি রামজী প্রকল্পের অধীনে কাজের সূচনা করার পাশাপাশি নন্দীগ্রামের প্রতিটি সেলফ হেল্প গ্রুপকে ৩০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেন তিনি। পাশাপাশি নন্দীগ্রামে ১৭,৫০০টি নতুন বাড়ি তৈরির কথাও জানান মুখ্যমন্ত্রী এবং প্রথম কিস্তির টাকা আজই দেওয়ার ঘোষণা করেন। নন্দীগ্রাম ও পার্শ্ববর্তী এলাকার স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং দুটি নার্সিং হাসপাতালের বেড সংখ্যা বাড়ানোর কথাও জানান তিনি। একইসঙ্গে নন্দীগ্রামের বহু প্রতীক্ষিত রেল প্রকল্প নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকার ছয় একর জমি রেলের হাতে না দেওয়ায় প্রকল্পটি আটকে ছিল। বর্তমান সরকার ইতিমধ্যেই সাড়ে তিন একর জমি দিয়েছে এবং বাকি জমিও দেওয়া হবে বলে জানান তিনি। আগামী মার্চ মাসে নন্দীগ্রামবাসীকে সঙ্গে নিয়ে নন্দীগ্রাম থেকেই প্রথম ট্রেনে যাত্রা করার আশ্বাসও দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি নন্দীগ্রাম-হলদিয়া সেতুর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী জানান, সেতুর নির্মাণকাজ সম্পূর্ণ হলে তিনিই প্রথম গাড়ি নিয়ে ওই সেতু দিয়ে যাত্রা করবেন। সব মিলিয়ে উপনির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক সভা এবং একাধিক উন্নয়ন প্রকল্পের ঘোষণাকে ঘিরে নন্দীগ্রামের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *