পটাশপুরে তৃণমূলের একচ্ছত্র দাপট—খড়িকা পাটনা নেহেরু সমবায়ে সব আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়
নিজস্ব: প্রতিনিধি পটাশপুর পূর্ব মেদিনীপুর
ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে পটাশপুরে রাজনৈতিক বাতাসে ফের তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন। পটাশপুর দুই ব্লকের খড়িকা পাটনা নেহেরু সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে একচ্ছত্র দাপট দেখাল শাসক দল। রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৯টি আসনের সবকটিতেই তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে।
একটিও আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি বা বিরোধী শিবিরের অন্য কোনও দল। ফলে ভোটগ্রহণ ছাড়াই পূর্ব ঘোষণা মতোই সব আসনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত হয়। এ জয়কে কেন্দ্র করে তৃণমূল শিবিরে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ফল ঘোষণার দিন সকালে থেকেই সমবায়ের সামনে জড়ো হতে থাকেন তৃণমূলের নেতা-কর্মীরা। সবুজ আবিরে রাঙিয়ে তোলা হয় চারদিক। বিজয় মিছিল, ঢাক-ঢোল, মিষ্টিমুখ—সব মিলিয়ে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। জয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান দলেরই কর্মী-সমর্থকেরা।
বিধানসভা নির্বাচনের আগে এমন একতরফা জয় তৃণমূলের মনোবল আরও বাড়িয়ে দিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।