জমি বিবাদের জেরে দুই ভাইপোর হাতে খুন কাকা, পুলিশের হাতে আটক দুই ভাইপো, এলাকায় মোতায়েন পুলিশ
নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুরের তমলুকের প্রসাদচক গ্রামের বছর ষাটের ফুলেশ্বর বেরা খুনের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পরিবার সূত্রে জানা গিয়েছে আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ ফুলেশ্বর বাজার থেকে বাড়ি ফিরে ছিলেন মদ্যপ অবস্থায়। ফুলেশ্বর এর সাথে তার দুই ভাইপো সুদীপ্ত বেরা এবং আদিত্য বেরার জমি সংক্রান্ত একটি ঝামেলা বহুদিন ধরেই চলছিল।
বাড়ি ফিরে ফুলেশ্বর কয়েকটি কটু বাক্য প্রয়োগ করেন, তার দুই ভাইপোর মনে হয় তাদের উদ্দেশ্য করেই তার কাকা গালিগালাজ করছেন। বাড়ি থেকে কিছু দূর আসতেই ফুলেশ্বর কে ঘিরে ধরেন তার দুই ভাইপো। অকথ্য মারধর চলে, বুকে এবং পেটে লাথি মারে এবং একটি বাঁশের লাঠি নিয়ে ফুলেশ্বরের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান ফুলেশ্বর। এবং সেখানেই তার মৃত্যু হয়। ঘটনা ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা তার দুই ভাইপোকে ধরে রেখে পুলিশে জানান।
পুলিশ এসে তার দুই ভাইপোকে আটক করে। এবং দেহটি ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই তমলুক মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের পরিবারের এখন একটাই দাবি দোষ না করেও ফুলেশ্বর বেরাকে মেরে ফেলেছে তার দুই ভাইপো। তাদের কঠিন শাস্তির দাবি তুলেছে মৃতের পরিবার।