শনিবার সন্ধ্যায় মাঝপথে বিকল হয়ে যায় ট্রলার। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে ‘মা মহামায়া’ নামে একটি ট্রলার ভাড়া করে দিঘার উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই পর্যটকরা। সমুদ্রপথে জলযান বিহারের আনন্দ নিতে নিতেই আসছিলেন তাঁরা। কিন্তু গন্তব্যে পৌঁছনোর ঠিক আধ ঘণ্টা আগে ছন্দপতন ঘটে। মাঝসমুদ্রে আচমকাই বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। একদিকে উত্তাল সমুদ্রের গর্জন, অন্যদিকে নেমে আসা অন্ধকার— এই দুইয়ের সাঁড়াশি চাপে ট্রলারে থাকা ২২ জন পর্যটক চরম আতঙ্কিত হয়ে পড়েন। শুরু হয় কান্নাকাটি। বিপদ বুঝে বিন্দুমাত্র সময় নষ্ট করেননি ট্রলারের কর্মীরা। তাঁরা দ্রুত ওয়্যারলেসের মাধ্যমে দিঘা কোস্টাল থানার সঙ্গে যোগাযোগ করেন। খবর পাওয়ামাত্রই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। রাত ন’টা নাগাদ ওই ট্রলারের সমস্ত যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে খবর। দিঘা কোস্টাল থানার একটি উদ্ধারকারী দল দ্রুতগতির ভেসেল নিয়ে মাঝসমুদ্রের উদ্দেশে পাড়ি দেয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় একে একে ২২ জন পর্যটককেই উদ্ধার করে দ্রুতগতির ভেসেলে তোলা হয়। ২টি সিভিল ডিফেন্স নৌকা এবং নুলিয়া স্বেচ্ছাসেবকরা উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েন।রাতেই তাঁদের নিরাপদে ডাঙায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।