চেয়ারম্যান স্বপন নায়েকের গ্রেফতারের প্রতিবাদে এগরা শহর জুড়ে মিছিল, নিঃশর্ত মুক্তির দাবি নাগরিক সমাজের
নিজস্ব: প্রতিনিধি এগরা পূর্ব মেদিনীপুর
এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়েকের নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার এগরা শহর জুড়ে ব্যাপক মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এগরা নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই মিছিলে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি এগরা শহরের দিঘামোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে এগরা থানার সামনে এসে শেষ হয়।
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে এগরা পৌরসভার পুরপ্রধান স্বপন নায়েককে গ্রেফতার করে এগরা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বেআইনিভাবে সরকারি জমি ঘনিষ্ঠ ব্যক্তিকে লিজ পাইয়ে দেওয়া। গ্রেফতারের পর শনিবার স্বপন বাবুকে কাঁথি আদালতে তোলা হলে, এগরা থানার পুলিশ তাঁর পুলিশ রিমান্ডের আবেদন জানায়। আদালত পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।
এই ঘটনার প্রতিবাদে এবং স্বপন নায়েকের নিঃশর্ত মুক্তির দাবিতে নাগরিক সমাজ পথে নামে। মিছিল থেকে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্বপন নায়েকের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসার ফল। তাঁদের বক্তব্য, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এভাবে গ্রেফতার করে গণতান্ত্রিক পরিকাঠামোকে প্রশ্নের মুখে ফেলা হয়েছে।
নাগরিক সমাজের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, অবিলম্বে স্বপন নায়েকের নিঃশর্ত মুক্তি না মিললে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।