নিউজ বাংলা লাইভ ডেস্ক, নন্দীগ্রাম:- রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সামসাবাদ গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। দীর্ঘদিন ধরে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবং তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগও সামনে আসছিল। সামসাবাদ গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৮। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১২টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, বিজেপি পায় ৫টি আসন এবং কংগ্রেস ১টি আসনে জয়ী হয়। তবে রাজ্যে পালাবদলের পর তৃণমূলের টিকিটে জয়ী এবং তৎকালীন প্রধান শেখ আব্দুল মান্নান পদত্যাগ করেন। শুক্রবার প্রধান নির্বাচনের দিন তৃণমূল কংগ্রেসের ৬ জন পঞ্চায়েত সদস্য এবং কংগ্রেসের ১ জন সদস্য বিজেপিকে সমর্থন জানান। এর ফলে বিজেপির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২-তে এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা। পরে বিজেপির টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য প্রদীপ পট্টনায়ক নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন। এর মধ্য দিয়ে বিভিন্ন পঞ্চায়েতের পাশাপাশি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সামসাবাদ গ্রাম পঞ্চায়েতও বিজেপির দখলে চলে গেল।