Breakingতমলুকদুর্ঘটনাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজশীর্ষ খবর

প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে নিমতৌড়ীতে জাতীয় সড়কে উল্টে গেল কন্টেনার

  •  নিউজ বাংলা লাইভ ডেস্ক, নিমতৌড়ি, :- প্রবল বর্ষণের জেরে বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ী এলাকা। বৃহস্পতিবার সকালেই পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ী ডিএম অফিসের সামনে ১১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর উল্টে যায় একটি কন্টেনার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকে টানা বৃষ্টির কারণে রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়েছিল। সেই অবস্থাতেই দ্রুতগতিতে যাওয়ার সময় কন্টেনারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়।

দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান এবং খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর কন্টেনারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।

কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচলে সামান্য বিঘ্ন ঘটলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা হয়। বর্তমানে ওই রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকাল সকাল ব্যস্ত জাতীয় সড়কে এমন দুর্ঘটনায় বড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *