Breakingকলকাতাব্রেকিং নিউজরাজ্যশীর্ষ খবর

কলকাতার সব থানায় চালু হচ্ছে ‘উইমেন হেল্প ডেস্ক’

নিউজ বাংলা লাইভ ডেস্ক:- রাজ্যে পালাবদলের পর থেকেই নারী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই নীতিরই অংশ হিসেবে কলকাতা পুলিশের অধীনস্থ শহরের সমস্ত ৯১টি থানায় চালু করা হচ্ছে ‘উইমেন হেল্প ডেস্ক’ বা মহিলা সহায়তা ডেস্ক। এই বিশেষ ডেস্কের মাধ্যমে মহিলারা তাঁদের উপর হওয়া যে কোনও ধরনের অপরাধ, হয়রানি, নির্যাতন বা নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ সরাসরি জানাতে পারবেন। অভিযোগকারিণীদের মানসিক অবস্থা বুঝে দ্রুত ও সংবেদনশীলতার সঙ্গে পদক্ষেপ করার জন্য কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ পুলিশকর্মীদের কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, কোনও নারী অভিযোগ নিয়ে থানায় এলে তাঁকে যেন সহানুভূতির সঙ্গে শোনা হয় এবং প্রয়োজনীয় আইনি সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এই উদ্যোগকে কার্যকর করতে ১৮৩ জন মহিলা পুলিশকর্মীকে নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের মাধ্যমে তাঁদের মানসিকভাবে বিপর্যস্ত, আতঙ্কিত বা নির্যাতনের শিকার মহিলাদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে, কীভাবে তাঁদের আস্থা অর্জন করতে হবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। নতুন এই ‘উইমেন হেল্প ডেস্ক’-এ ওসি, সাব-ইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর এবং কনস্টেবল পদে থাকা মহিলা পুলিশকর্মীদের মোতায়েন করা হবে, যাতে অভিযোগ জানাতে আসা মহিলারা নিরাপদ, স্বচ্ছন্দ এবং সহায়ক পরিবেশ পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *