অপেক্ষার অবসান ঘটিয়ে কলকাতায় এসে পৌঁছলেন লিওনেল মেসি।
শুক্রবার রাত আড়াইটে নাগাদ দমদম বিমানবন্দরে নামেন ফুটবলের ম্যাজিশিয়ান। ২০১১ সালের পর আবার ২০২৫। ১৪ বছর পর ফের কলকাতায় আর্জেন্টাইন তারকা। রাত আড়াইটে নাগাদ কলকাতায় পা রাখেন। নীল ট্রাউজারের ওপর নীল ব্লেজার। ভেতরে গোল গলা সাদা টি-শার্ট। হাতে একটি কালো ছোট ব্যাগ। মুখে লেগে ট্রেডমার্ক লাজুক হাসি। ঘড়ির কাটায় তখন আড়াইটে বেজে গিয়েছে। কিন্তু একগাল হাসি নিয়েই বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে।
মেসিকে দেখার জন্য বিমানবন্দরের বাইরে কাতারে কাতারে মানুষ অপেক্ষা করছিল। মেসি বেরোনো মাত্র উপচে পড়ে ভিড়। ভারত এবং আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাততে দেখা যায় মেসি ভক্তদের। সঙ্গে একনাগাড়ে চলে মেসি, মেসি ধ্বনি। ১৪ বছর আগে তারকা ফুটবলার যখন প্রথমবার কলকাতায় এসেছিলেন, সেদিনও বিমানবন্দরে রাত জেগেছিল ভক্তরা। রাত বারোটা থেকে বিমানবন্দর চত্বরে উৎসুক জনতা ভিড়, বিমানবন্দরের ভিআইপি গেট দিয়েই বেরোন আর্জেন্টাইন তারকা। বিলাসবহুল গাড়ির প্রথম সিটে বসে হাসিমুখেই বিমানবন্দর ছাড়েন মেসি।