পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আজ শনিবার দুপুরে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠল। আবাস যোজনার চূড়ান্ত তালিকা প্রকাশের পরও পুনরায় সার্ভে করার প্রতিবাদে বিডিও অফিসের কর্মী নন্দ গোপাল সরকারকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এই সার্ভের মাধ্যমে বহু যোগ্য প্রাপকের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। জানা গিয়েছে, এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে আবাস যোজনার প্রাপক নির্বাচনের জন্য পর্যবেক্ষণ ও যাচাই পর্ব চলছিল। অভিযোগ, সমস্ত ধরণের পর্যবেক্ষণ পর্ব মিটে যাওয়ার পর যোগ্য প্রাপকদের চূড়ান্ত তালিকাও প্রকাশ হয়ে গিয়েছে। এরপর হঠাৎ করেই ফের নতুন করে সার্ভে করার নির্দেশ আসে।
আজ সেই সার্ভে করার জন্যই বরিদা পঞ্চায়েত কার্যালয়ে আসেন বিডিও অফিসের কর্মী নন্দ গোপাল সরকার। নতুন করে সার্ভে শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই পঞ্চায়েত কার্যালয়ে তাঁকে ঘিরে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, চূড়ান্ত তালিকা প্রকাশের পর নতুন করে সার্ভে করার অর্থ হল যোগ্য প্রাপকদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করা। এর ফলে রাজনীতির শিকার হচ্ছেন বহু গরিব মানুষ।
পরিস্থিতি সামাল দিতে পঞ্চায়েত কার্যালয়ে উত্তেজনা তৈরি হয়। শেষ পর্যন্ত এগরা ১ ব্লকের বিডিও দূর্গা প্রাসাদ ঘোষ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বিডিও-এর আশ্বাসে বিক্ষোভকারীরা তাঁদের অবস্থান তুলে নেন। তবে আবাস যোজনার তালিকা নিয়ে এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।