রাজনীতিরাজ্যশীর্ষ খবর

পঞ্চায়েতের মনোনয়ন পেশের প্রথম দিনেই মুর্শিদাবাদের খড়গ্রামে এক কংগ্রেস কর্মী খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

নিউজ বাংলা লাইভ: পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই গতকাল মুর্শিদাবাদের খড়গ্রামের মাড়গ্রাম পঞ্চায়েতের নলদ্বীপ গ্রামে এক কংগ্রেস কর্মীর খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা রুখতেই ফুলচাদ শেখ নামে কংগ্রেসের ঐ সম্ভাব্য প্রার্থীকে গুলি করে খুন করা হয় বলে অনুমান। । নলদ্বীপ গ্রামের বাসিন্দা বছর ৩২ এর ফুলচাদের এবছর পঞ্চায়েতে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বীতা করার কথা ছিল বলে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন।

গত সন্ধেয় ফুলচাদ ও তার বন্ধুরা বাড়ির সামনে তাস খেলছিলেন, সেসময় অকস্মাৎ তৃণমূল কংগ্রেসের বিদায়ী পঞ্চায়েত সদস্য ও সম্ভাব্য প্রার্থী রফিকুল শেখ ও‌ তাঁর সঙ্গী সুজাউদ্দিন সহ আরও কয়েকজন তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। লাগাতার গুলি চালানো হয়। সেই গুলিতে গুরুতর জখম হন ফুলচাদ। গুলির শব্দে তার বাড়ির লোকেরা ছুটে এলে তাদের উপরেও লাঠিসোটা নিয়ে চড়াও হয় রফিকুলের দল। ঘটনায় জখম হন ফুলচাদের আত্মীয়া এক মহিলা সহ আরও চারজন। গ্রামের লোকেরা চিৎকার করে বেরিয়ে আসতেই রফিকুলেরা এলাকা ছেড়ে পালায়। স্থানীয়রা ফুলচাদকে উদ্ধার করে প্রথমে খড়গ্রাম পরে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। আহতরা খড়গ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

ফুলচাদের সঙ্গে গ্রাম সংসদ এলাকার তৃণমূল কংগ্রেসের বিদায়ী পঞ্চায়েত সদস্য ও সম্ভাব্য প্রার্থী রফিকুল শেখের রাজনৈতিক বিবাদ চলছিল কয়েকমাস ধরে। অশান্তি এড়াতে ফুলচাদ ভীন রাজ্যে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজে যান। সপ্তাহ খানেক আগে বাড়ি ফেরে। গতকাল ভোট ঘোষনা হবার পর এলাকায় প্রচারিত হয় কংগ্রেসের প্রার্থী হচ্ছে সে। তারপরেই রুষ্ট হন রফিকুল শেখ। এদিকে এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী এই ঘটনায় শাসক দলকে দায়ী করে কঠোর সমালোচনা করেছেন। অবাধ নির্বাচন হলে মানুষ ভোটের বাক্সে এর জবাব দেবেন বলে ও তিনি মন্তব্য করেছেন।

তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্য এখনও কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *