ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পূর্ব মেদিনীপুর জেলা অফিস উদ্বোধন হল।
পূর্ব মেদিনীপুর: আজ পূর্ব মেদিনীপুর জেলায় ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির জেলা অফিস উদ্বোধন করা হয় মেছেদার শান্তিপুর এলাকার বিদ্যাসাগর পল্লীতে। উদ্বোধন করেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির রাজ্য সম্পাদক অধ্যাপক তপন সী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাক্তন আবহাওয়াবিদ অশোক কুমার হাজরা, সংগঠনের সহ সভাপতি ড. নির্মল দুয়ারী, জেলা সম্পাদক সুমন্ত সী, অধ্যাপক সঞ্জীব কুইল্যা ও অধ্যাপক হরেকৃষ্ণ জানা। সভাপতিত্ব করেন জেলার কার্যকরী সভাপতি গুরুপ্রসাদ জানা। জেলার বিভিন্ন জায়গা থেকে সংগঠনের সদস্য ও বিজ্ঞানকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে ডঃ নির্মল দুয়ারী মহাশয় জেলা অফিসের গুরুত্ব এবং তার কার্যকারিতা সম্পর্কে বক্তব্য রাখেন। প্রধান আলোচক অধ্যাপক তপন সী মহাশয় সংগঠনের বহুমুখী কাজকর্ম ও বিজ্ঞান আন্দোলন গড়ে তুলতে ব্রেকথ্রু সাইন্স সোসাইটির কর্মীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
জেলা সম্পাদক সুমন্ত সী বলেন, “বর্তমানে সমাজে যেভাবে বিজ্ঞান মনস্কতার অভাব ঘটছে এবং শিক্ষার সিলেবাসে অপবিজ্ঞানের প্রসার বাড়ছে তার বিপরীতে আমরা মানুষকে বিজ্ঞানমনস্ক করার কাজ করছি। মানুষের মধ্যে যুক্তিবাদী মন গড়ে তোলার লক্ষ্যে আগামী দিনে জেলা জুড়ে সংগঠনের প্রসার ঘটানোর উদ্যোগ নিয়েছি। সেই লক্ষ্যে আজ জেলা অফিস স্থাপন করা হল।” পাশাপাশি তিনি জেলার সমস্ত বিজ্ঞান অনুরাগী মানুষদের ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান।


