আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উদযাপনের মাধ্যমে সামাজিক বার্তা দিল নিমতৌড়ি হোম আবাসিকরা

শ্রীকৃষ্ণ মাইতি, তমলুক : তমলুকের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির হোম ক্যাম্পাসে পালিত হল আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উদযাপন। সপ্তাহ জুড়ে শিশুদের যত্ন, সুরক্ষা, পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় ১৪-২০শে নভেম্বর সপ্তাহব্যাপী শিশুদের নিয়ে অঙ্কন, আবৃত্তি, নাচ, গান ছাড়াও নানা প্রতিযোগিতা আয়োজন করা হয়।

শনিবার পন্ডিত জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যাপক ও প্রাক্তন বিধায়ক ব্রহ্মাময় নন্দ। এদিন শিশুরা একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গাছ লাগান, জল সংরক্ষণ, শিশু শ্রমিক, ভ্রুন হত্যা, বাল্যবিবাহ মতো সামাজিক বার্তা তুলে ধরে। সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় উত্তির্ণ হোম আবাসিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ও প্রাক্তন বিধায়ক ব্রহ্মাময় নন্দ, পুষ্প সাঁতরা, সংস্থার সম্পাদক যোগেশ সামন্ত, দেবশ্রী ত্রিপাঠী, বৈশাখী পাত্র মাইতি ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সংস্থার কর্মীবৃন্দরা।


