পঁচেটে বিজেপি যুব মোর্চা সভাপতি, বুথ সভাপতি সহ ৫০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান
পটাশপুর-২ ব্লকের পঁচেট পঞ্চায়েতে ফের বড়সড় রাজনৈতিক দলবদল দেখা গেল। বুধবার পঁচেট অঞ্চলের তৃণমূলের সাংগঠনিক সভায় বিজেপি ও সিপিএম ছেড়ে মোট ২৫টি পরিবারের সদস্য—যুব মোর্চার ব্লক সভাপতি সোমনাথ দাস, বুথ সভাপতি কালীপদ দাস–সহ বহু কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন।
এদিন আরও তপন পাত্র, বাবলু জানা, শংকর মালি, বৃন্দাবন জানা, রবীন্দ্রনাথ দাস, সুকুমার জানা–সহ প্রায় ৫০ জন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। সব মিলিয়ে প্রায় ৭৫ জনের উল্লেখযোগ্য যোগদান হয়েছে বলে দাবি দলীয় নেতৃত্বের।
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে অভিনন্দন জানান বিধায়ক ও সভাধিপতি উত্তম বারিক। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযুষ কান্তি পণ্ডা, জেলা মুখপাত্র অপরেশ সাঁতরা, ব্লক যুব সভাপতি ও পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতি, প্রাক্তন উপপ্রধান ও ব্লক সহ-সভাপতি প্রণব কর, পঁচেট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ফনিভুসন সিল সহ তৃণমূল নেতৃত্ব।