Breakingতমলুকব্রেকিং নিউজশীর্ষ খবর

তাম্রলিপ্ত গভর্মেন্ট কলেজে প্রিন্সিপালের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক! প্রিন্সিপালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মেডিকেল কলেজের ছাত্ররা

নিউজ বাংলা ডেস্ক :পূর্ব মেদিনীপুর জেলার সদর তমলুকে রয়েছে তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। ২০২২ সালে ১০০ আসন বিশিষ্ট মেডিকেল কলেজে শুরু হয় পঠন-পাঠন। দিন কয়েক আগে নারী দিবসের একটি পোস্ট শেয়ার করেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক সেই পোস্টকে ঘিরেই শুরু হয় বিতর্ক।

 

 

কলেজের প্রিন্সিপালের শেয়ার করা পোস্টে লেখা ছিল

“সকলকে জানাই নারী দিবসের শুভেচ্ছা। কলাজের কন্টেক্সট জিজ্ঞেস করে লজ্জা দেবেন না। নারীরা সাম্য পাক, কাঁধে কাঁধ মিলিয়ে চলুক- এই আশা করিনা। অন্তত ভ্রূণহত্যা হয়ে না মরুক, বাসে ট্রেনে মলেস্টেড হয়ে না মরুক, কর্মক্ষেত্রে-ধর্মক্ষেত্রে ধর্ষিতা হয়ে না মরুক, শ্বশুরবাড়িতে হঠাৎ আগুনে পুড়ে না মরুক- এটুকু হলেই অনেক….”

 

পাশাপাশি ছিল দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক ছবি।

এই পোস্টের মাধ্যমে মানহানি করা হয়েছে এমনটাই অভিযোগ করেন মেডিকেল কলেজের পড়ুয়ারা। প্রথমে বিষয়টি নিয়ে প্রিন্সিপালের কাছে জানান তারপর তমলুক থানায় গিয়ে কলেজের প্রিন্সিপালের নামে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন মেডিকেল কলেজের।

 

 

মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র, কিংশুক দাস অভিযোগ করে বলেন, আমাদের কলেজের প্রিন্সিপাল যেভাবে তার ফেসবুকে পোস্টের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে জড়িয়ে খারাপ মন্তব্য করেছেন তা একেবারেই মেনে নেওয়া যায় না। বিষয়টি তাই আমরা প্রিন্সিপাল ম্যাডামের কাছে গিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম। কোন রকম ভাবেই নিজের ত্রুটি সংশোধন করতে রাজি হননি তিনি। তাই আমরা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছি।

 

 

যদিও এ বিষয়ে তাম্রলিপ্ত মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক বলেন,

ফেসবুক এমন একটি জায়গা যেখানে মানুষ তার নিজের ভালো লাগার বিষয়গুলিকে শেয়ার করে। প্রিন্সিপাল সত্তার বাইরেও আমার একটা মানবিক সত্তা রয়েছে। আমি কখনোই সরকারের বিরুদ্ধে বা কাউকে আঘাত করার জন্য কোন কিছু করিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *