নারীর মর্যাদা রক্ষায় মহিলাদের আহ্বানে অঙ্গীকার যাত্রার সমর্থনে নিমতৌড়িতে পদযাত্রা
নারীর মর্যাদা রক্ষায় মহিলাদের আহ্বানে অঙ্গীকার যাত্রার সমর্থনে নিমতৌড়িতে পদযাত্রা
নিজস্ব: প্রতিনিধি নিমতৌড়ি পূর্ব মেদিনীপুর
রাজ্য তথা দেশজুড়ে ভয়াবহ নারী নির্যাতনের বিরুদ্ধে এ রাজ্যের বিশিষ্ট মহিলারা ৯-১৬ ডিসেম্বর অঙ্গীকার যাত্রার আহ্বান জানিয়েছেন। তার সমর্থনে আজকে নিমতৌড়িতে নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে পদযাত্রা অনুষ্ঠিত হল। কুলবেড়িয়া মোড় থেকে শুরু করে নিমতৌড়ি এলাকায় পদযাত্রা সংঘঠিত হয়। শুরুতে নারী নিগ্রহ বিরোধী নানান গান আবৃত্তি পরিবেশন করেন সংগঠনের সদস্যরা। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বেরা, শিক্ষক অশোক বর্মন, সমাজসেবী মঞ্জুশ্রী মাইটি, কমিটির যুগ্ম সম্পাদিকা জয়শ্রী সামন্ত।
আগামী ৯ ডিসেম্বর রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিনে এই যাত্রার সূচনা হবে। ১৬ই ডিসেম্বর দিল্লির নির্যাতিতা তরুণী দামিনীর মৃত্যু দিনে কলকাতার বিদ্যাসাগর মূর্তির পদদেশে এক সমাপনী সমাবেশের মধ্য দিয়ে যাত্রার সমাপ্তি হবে। কোচবিহার, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও কাকদ্বীপ থেকে চারটি অভিযাত্রীদল কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। ঝাড়গ্রাম থেকে আগত অভিযাত্রীদল আগামী ১৩ ই ডিসেম্বর, শনিবার, সকাল দশটায় ঐতিহাসিক তমলুক শহরের মানিকতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে সমবেত হবেন এবং শহরে অঙ্গীকার যাত্রা করবেন। এই জেলার হাজার হাজার মানুষও সেই অঙ্গীকার যাত্রায় পা মেলাবেন। তারই সমর্থনে এলাকায় এলাকায় ঘরোয়া সভা, সেমিনার, পদযাত্রা, মোমবাতি মিছিল, সাইকেল র্যালি সংঘটিত হচ্ছে।
আজকের পদযাত্রায় বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। আপামর জনসাধারণকে এই সমগ্র কর্মসূচিতে সামিল হওয়ার জন্য আহ্বান জানান।

