২টি গাড়ির সঙ্গে সংঘর্ষ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের,অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা
ভয়ংকর দুর্ঘটনা খড়দহ রেল স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ে। সেখানে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বিপজ্জনকভাবে দুটি গাড়ির সংঘর্ষ হয়। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান গাড়ির ভিতরে থাকা যাত্রীরা। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।ঘটনার সময় খরদহ স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ের গেটটি খোলা ছিল। চলাচল করছিল যানবাহনও।
রাত ৯টা নাগাদ হঠাৎ করেই গেটটিকে নামিয়ে দেন গেটম্যান। তখনই গেটের ভেতরে আটকে যায় দু’টি গাড়ি। একই সময় ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস ডিঙোচ্ছিল খরদহ স্টেশন সংলগ্ন ওই লেভেলক্রসিং। তাতেই বিপত্তি হয়। রেল গেটের ভেতরে আটকে যাওয়া দুটি গাড়িতেই ধাক্কা মারে দ্রুতগামী হাজারদুয়ারি এক্সপ্রেস।
ট্রেনের ধাক্কায় দুমড়ে মুছড়ে যায় গাড়ি দুটি পিছনের অংশ। তবে স্থানীয় সূত্রের খবর, কোনও প্রাণহানি হয়নি। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে বলরাম সেবা সদন হাসপাতালে।

