আনন্দপুরে বিধ্বংসী আগুনে জ্বলে উঠলো একের পর ঝুপড়ি।
কলকাতা: রবির সকালে আনন্দপুরে বিধ্বংসী আগুন। দাউ দাউ করে জ্বলছে একের পর ঝুপড়ি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটা ইঞ্জিন। শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। তবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই জানা যাচ্ছে। বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালের পাশে রয়েছে এই ঝুপড়িগুলি। সেখানেই এদিন সকালেই আচমকা আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তীব্র আতঙ্ক এলাকায়। আগুন যাতে নতুন করে না ছড়ায় সেই চেষ্টা করে যাচ্ছেন দমকল কর্মীরা। পরিস্থিতি যে রীতিমতো উদ্বেগজনক তা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, এদিন সকালে ঝুপড়ি থেকে পরপর সিলিন্ডার ফাটার শব্দ পাওয়া যায়। তা থেকেই আগুনের তীব্রতা মুহূর্তেই আরও বেড়ে যায় বলে মনে করা হচ্ছে। তবে আসলে ঠিক কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা করছে পুলিশ।
এদিকে এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। চলছে দমকা হাওয়া। সেই হাওয়াতেই প্রথমে আগুন দ্রুত ছড়িয়েও পড়ে। দমকল যতক্ষণে এসে পৌঁছায় ততক্ষণে গোটা এলাকাকে কার্যত গিলে ফেলেছে আগুনের লেলিহান শিখা। এতটাই বিধ্বংসী আকার ধারণ করে যে কিছু বাঁচানো সম্ভব হয়নি। নেভাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের।


