গুছিতে ৫০ টির বেশি পান না দেওয়ার সরকারি সিদ্ধান্ত কার্যকর করার দাবিতে তমলুক মহকুমা শাসক দপ্তরে পানচাষী সমন্বয় সমিতির ডেপুটেশন
নিউজ বাংলা লাইভ : গুছিতে ৫০ টির বেশি পান না দেওয়ার সরকারি সিদ্ধান্ত কার্যকর করার সরকারি নির্দেশিকা গত ১ লা অক্টোবর থেকে চালু হলেও জেলায় জেলায় তা কার্যকরী করার ক্ষেত্রে প্রশাসন, বিশেষত মার্কেটিং অফিসার গড়িমসি করছেন। তার বিরুদ্ধে আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহাকুমা শাসক দফতরে পানচাষী সমন্বয় সমিতির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। তমলুক হাসপাতাল মোড় থেকে মিছিল করে মহকুমা শাসক দপ্তরে এসে বিক্ষোভ সভায় সামিল হয় শতাধিক পান চাষী।

বক্তব্য রাখেন কমিটির সভাপতি প্রবীর প্রধান, সম্পাদক সোমনাথ ভৌমিক,সোমনাথ মাইতি,প্রাভাস মাইতি,কার্তিক বেরা প্রমূখ।মহকুমা শাসকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত অফিসার অঞ্জন চৌধুরী ডেপুটেশন গ্রহণ করেন তিনি বলেন আগামীকাল থেকেই আড়ৎ গুলিতে মাইক প্রচার শুরু হবে এবং যিনি সরকারি নির্দেশিকা মানবেন না তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রবীরবাবু বলেন দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতাতেই সরকার দাবি মানতে বাধ্য হয় এবং চাষীদের দাবি কিছুটা হলেও মানতে বাধ্য হয়। সেই দাবি যাতে কার্যকর করা হয় তার জন্য সরকার পদক্ষেপ না নিলে আন্দোলন আরো জোরদার হবে। প্রয়োজনে দপ্তর অবরুদ্ধ হবে।

