২৪ঘন্টার মধ্যে মিলবে ড্রাইভিং লাইসেন্স, ঘোষণা রাজ্যের

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে এখন থেকে দুচাকা ও চার চাকার গাড়ির জন্য ড্রাইভিং লাইসেন্স মিলবে ২৪ ঘন্টার মধ্যে। আজ থেকেই রাজ্য জুড়ে চালু হতে চলেছে এই ব্যবস্থা।পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সহজ করতে আগেই অনলাইনে আবেদনের ব্যবস্থা চালু হয়েছিল। এবার তা সহজতর করতে একদিনের মধ্যে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে। অনলাইনে আবেদন জানানোর পর আবেদনকারীকে নির্দিষ্ট দিনে আর টি ও দফতরে গিয়ে থিওরিটিক্যাল ও হাতেকলমে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় সফল হলে ২৪ ঘন্টার মধ্যেই সাময়িক লাইসেন্স মিলবে। একমাসের মধ্যেই আবেদনকারীকে স্মার্ট কার্ড দিয়ে দেওয়া হবে। তাঁকে বারবার আর টি ও দফতরে যেতে হবে না।

উল্লেখ্য, ড্রাইভিং লাইসেন্স পেতে হয়রানির কথা বেশিরভাগ মানুষেরই অজানা নয়। আগে তো এর জন্য দীর্ঘ সময় ব্যয় হত। আবেদনের পর কবে ডাক আসবে সেই অপেক্ষায় দিন গুনতে হত। ডাক এলেও সেদিন আদৌ থিওরিটিক্যাল পরীক্ষা হবে কিনা, তা হলেও গাড়ি চালিয়ে দেখানোর প্র্যাকটিক্যাল হবে কিনা, তার কোনও নিশ্চয়তা ছিল না। বর্তমান সরকার অবশ্য আগেই এই প্রক্রিয়াটি অনেক সহজ করেছিল। এবার সেটি চব্বিশ ঘন্টার মধ্যে আনার পদক্ষেপ নিশ্চিত বড় পদক্ষেপ বলেই সকলের অনুমান।

