রাজ্যে কোনোরকম হিংসা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন রাজ্যপাল
নিউজ বাংলা লাইভ: রাজ্যে কোনোরকম হিংসা বরদাস্ত করা হবে না বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট জানিয়েছেন। তিনি গতকাল পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। সন্ত্রাস কবলিত বিজয়গঞ্জ বাজার, কাঁঠালিয়া বাসস্ট্যান্ড ও ভাঙ্গর ২ নম্বর ব্লক অফিস ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও তিনি সাম্প্রতিক হিংসাত্মক ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন। কথা বলেন প্রশাসনিক আধিকারিকের সঙ্গে।
পরে এক সাংবাদিক সম্মেলনে সি ভি আনন্দ বোস উদ্বেগ প্রকাশ করে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। পুলিশ প্রসাশনকে’ও দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এদিকে রাজ্যপালের ভাঙড় পরিদর্শনের দিন আজ’ও এলাকার বহু জায়গা থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। এমনকি তাঁর নিজস্ব নিরাপত্তাকেও বোমা সরাতে দেখা গেছে।

তৃণমূল কংগ্রেস রাজ্যপালের ভাঙড় যাওয়ার সমালোচনা করেছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যপালের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।

