মালদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩টি বাড়ি। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি!
মালদা: ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার দুপুর নাগাদ মালদার ভূতনী থানার উত্তর চন্ডীপুর অঞ্চলের সাহেবরামটোলা এলাকায়।ভয়াবহ অগ্নিকান্ডের জেরে এখন খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।তাদের দাবি, আগুনের গ্রাসে পুড়ে গেছে চিকিৎসার জন্য রাখা নগদ ৬০ হাজার টাকা। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা।ঘটনায় সরকারি সাহায্য-সহযোগিতার আবেদন জানালেন গ্রামবাসীরা।
এই বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য কাজল মন্ডল জানান, নদীতে স্নান করতে গিয়েছিলেন তিনি। এসে দেখতে পান ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। বাড়িতে থাকা পরিবারের এক অসুস্থ সদস্যের চিকিৎসার জন্য নগদ ৬০ হাজার টাকাও পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান প্রথমে পাশের একটি বাড়িতে আগুন লাগে ,এরপর পাশের বাড়ি গুলোতে মুহূর্তেই আগুন গ্রাস করে নেয়।যদিও স্থানীয়দের তৎপরতায় কয়েক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে,তবে সব হারিয়ে এখন পথে বসেছেন ক্ষতগ্রস্থ তিনটি পরিবার।


