মালদায় বন্দে ভারত এক্সপ্রেসের ঝলক! প্ল্যাটফর্মে দেখা মিললো পরীক্ষামূলক যাত্রাপথে

দেবু সিংহ, মালদা: আজ বন্দে ভারত এক্সপ্রেসের ঝলক মিললো মালদা রেল স্টেশন। হাওড়া থেকে এনজিপি প্রথম পরীক্ষামূলক যাত্রা শুরু বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের। সকাল ১০:৩২ মিনিট নাগাদ হাওড়া থেকে মালদা রেল স্টেশনে পৌঁছায় বন্দে ভারত এক্সপ্রেস। মালদায় কয়েক মিনিট দাঁড়িয়ে আবার এনজিপির উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর থেকে হাওড়া এনজিপি যাত্রা শুরু হবে বন্দে ভারতের। হাওড়া, বোলপুর, মালদা এবং এনজিপি এই চারটি স্টপেজে দাঁড়াবে বন্দে ভারত। জানা গিয়েছে হাওড়া থেকে এনজিপি পৌঁছাতে ট্রেনের সময় লাগবে ৮ ঘন্টা। ট্রেন চালু হওয়ায় খুশি ব্যবসায়ী মহল।

মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক জানান, সুপার ফাস্ট ট্রেনের দাবি ছিল তাদের। তবে বোলপুরের বদলে বর্ধমানে স্টপেজ দিলে উপকৃত হবেন ব্যবসায়ীরা।

মালদা রেল ডিভিশনের এ ডি আর এম সুজিত কুমার জানিয়েছেন, পরীক্ষামূলক বন্দে ভারত চালানো হয় হাওড়া থেকে এনজিপি পর্যন্ত। আগামী কয়েকদিনের মধ্যে যাত্রা শুরু হবে বন্দে ভারতের। শতাব্দী এক্সপ্রেস এর মতোই স্পিডে চলবে বন্দে ভারত। এদিন বিভিন্ন সুবিধা অসুবিধা খতিয়ে দেখা হয় পরীক্ষামূলকভাবে।

