মালদায় দুঃসাহসিক ডাকাতির পরিকল্পনায় ভেস্তে দিল পুলিশ!
মালদা: লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই অপরাধমূলক ঘটনার সংখ্যা বেড়েই চলেছে মালদা জেলা জুড়ে। এবার ধারালো অস্ত্র সহ ডাকাত দলের চার পান্ডাকে গ্রেফতার করলো মানিকচক থানা পুলিশ। মালদার মানিকচক থানার পুলিশের বড় সাফল্য। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মানিকচকের নিমতলী এলাকা থেকে ওই চারজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
এর আগেও ওই অভিযুক্তরা একাধিক অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম মাবুদ আলী। তিনি চাচোল থানা এলাকার বাসিন্দা, গণেশ মণ্ডল তিনি ভুতনি থানা এলাকার বাসিন্দা এবং অপর দুইজনের নাম শেখর মন্ডল ও সাদেক আলী। তারা মানিকচক থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃত ওই ব্যক্তিদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি ডাকাতি করার উদ্দেশ্যে হাসুয়া দুটি লোহার রড এবং একটি দড়ি। ডাকাতির সরঞ্জাম রাখার জন্য একটি বড় বস্তা নিজেদের কাছে রেখেছিল ওই দুষ্কৃতীরা। তবে ওই চারজনকে হাতেনাতে পুলিশ গ্রেপ্তার করলেও এই গোটা ঘটনাচক্রে আরো ১৫ জন জড়িত রয়েছেন বলে অনুমান পুলিশের।
রাতের অন্ধকার থাকার সুযোগ নিয়ে ওই চারজনকে ধরে ফেলে পুলিশ। রবিবার দিন ধৃত চারজনকে মালদহ জেলা আদালতে পাঠানো হয়। তাদেরকে আদালতের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।


