পাচশোঁ বছরের পুরনো এই চন্ডীমাতা! মাঘ মাসে বিশেষ নিয়মে চলে আরাধনা

রাহুল রায়,কাটোয়া : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ব্লকের সিঙ্গি গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত আমূলগ্ৰামে মা দেবাসিন চন্ডীমাতার পুজো অনুষ্ঠিত হল সোমবার। আপামর বাঙালি যখন শারদীয়ার উৎসবে মেতে তখন আমুলগ্ৰামে দুর্গাপূজা হয় না। প্রতিবছর মাঘ মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে দেবাসিন চন্ডীমাতার পুজোর আয়োজন করা হয় আমুলগ্ৰামে। আমূলগ্ৰাম ছাড়াও আশপাশের গ্ৰাম থেকে বহু মানুষ আসেন দেবাসিন চন্ডীমাতার পুজো দিতে।

দেবাসিন চন্ডীমাতার পুজো আনুমানিক ৫০০ বছরের পুরনো। দেবাসিন চন্ডীমাতার পুজোয় দুটি মূর্তি পাশাপাশি রেখে পুজো করা হয়। একটি পুরাতন শিলামূর্তি। অপরটি মাটির প্রতিমা। দেবাসিন চন্ডীমাতার মাটির প্রতিমা বিচিত্র ধরনের। দেবীর ডানদিকে রয়েছে চারটি হাত আর বাঁদিকে ছ’টি হাত। তার মধ্যে ডানদিকের একটি ও বাঁদিকের দু’টি হাত বড়। বাকি সাতটি হাত তুলনামূলক ছোট। সপ্তমী থেকে নবমী এই তিন তিথির পুজো শেষ করতে হয় নবমীতেই। তবে একদিনের পুজো হলেও আচার মেনে উৎসব চলে চারদিনই। পুজো উপলক্ষে বসেছে একটি মেলা। এই পুজোকে ঘিরে আনন্দে মেতে উঠেছেন আমূলগ্ৰামের মানুষেরা।


