নবান্ন ঘোষণা করতেই নন্দীগ্রামে নতুন পুলিশ ফাঁড়ির কাজ শুরু।
পূর্ব মেদিনীপুর: ২০২১ সালে নন্দীগ্রামের গুরুত্ব আরও বেড়েছে। এই বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লড়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই নন্দীগ্রামে এবার বাড়তি নজর রাজ্য সরকারের। এর আগে নন্দীগ্রামকে আইসি থানা ও মডেল থানা করা হয়েছিল।
এবার সেই থানা ভেঙ্গে তিনটি থানা এবং আরো দুটি পুলিশ ফাঁড়ি শুরু করার প্রক্রিয়া শুরু হল।নবান্ন ঘোষণা করতেই কাজ শুরু হলদি নদীর পাড়ের নন্দীগ্রাম সোনাচূড়া ফাঁড়ির। রাজ্য রাজনীতির হটস্পট হিসাবেই পরিচিত নন্দীগ্রাম। এ রাজ্যে রাজনৈতিক পালাবদল থেকে বঙ্গ রাজনীতির অলিন্দে নন্দীগ্রাম প্রতি ক্ষেত্রে উচ্চারিত নাম। তবে গত কয়েক বছরে হিংসা, অশান্তিতেই বারবার উঠে এসেছে নন্দীগ্রামের নাম। ভোট এলে তো কথাই নেই। রক্তারক্তি, বোমাবাজি, মারামারি লেগেই থাকে। বারবার প্রশ্নের মুখে পড়ে নন্দীগ্রামের আইনশৃঙ্খলা।
এই পরিস্থিতি এড়াতেই নন্দীগ্রাম থানা বিন্যাসের ঘোষণা করে নবান্ন।মূলত রেয়াপাড়া ফাঁড়ি ও তেখালি ফাঁড়িকে দু’টি নতুন থানায় রূপান্তরিত করা হচ্ছে। এছাড়াও আরও দু’টি নতুন ফাঁড়ি হচ্ছে। একটি সোনাচূড়া, অন্যটি রামচক। মঙ্গলবার থেকে সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে সামনে ফাঁড়ির কাজ শুরু হয়েছে।

