কাজিপুর এলাকায় শুরু হয়েছে পুলিশি টহলদারি, থমথমে গোটা এলাকা

নিজস্ব প্রতিনিধি,মালদা:- ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর এলাকার তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের ঘটনার পর বুধবার সকাল থেকে থমথমে পুরো এলাকা। মঙ্গলবার রাতে সশস্ত্র দুষ্কৃতীরা লক্ষ্মীপুর এলাকার তৃণমূলের কার্যালয় হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পার্টি অফিসের বিভিন্ন আসবাবপত্র। এমনকি সন্ত্রাস ছড়াতে শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ । আর এই ঘটনার পর শুরু হয়েছে পুলিশের টহলদারি। বসানো হয়েছে পুলিশ পিকেট। বুধবার সকাল থেকেই লক্ষ্মীপুর এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে ঘিরেই দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে যাতে ওই এলাকায় কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী টহলদারি চালাচ্ছে।

