তাম্রলিপ্ত জাতীয় সরকারের ৮০ তম প্রতিষ্ঠা দিবস

আজ তাম্রলিপ্ত জাতীয় সরকারের ৮০-তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির উদ্যোগে নিমতৌড়ি স্মৃতিসৌধে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি রাজ্যের সেচমন্ত্রী ডক্টর সৌমেন মহাপাত্র তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা তিন সেনানী সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায় ও সুশীল ধাড়া সহ বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। তিনি জানান, বৃটিশদের বিরুদ্ধে তাম্রলিপ্ত জাতীয় সরকারের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক সোমনাথ বেরা প্রমুখ। এই উপলক্ষে স্বাধীনতা সংগ্রামীদের সম্বর্ধনা, জাতীয় সরকার নিয়ে আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
এই উপলক্ষে বাদ্য-ট্যাবলো সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা স্মৃতিসৌধ থেকে শুরু হয়ে নিমতৌড়ি দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়, রাউতৌড়ী দক্ষিণ নারিকেলদা জাতীয় সরকার প্রতিষ্ঠিত স্থান, গণপতি নগর এবং মহ দধিপুর দক্ষিণ ধলহরা প্রভৃতি যেই যেই স্থানে জাতীয় সরকারের মূল কার্যস্থল ছিল, সেইসব এলাকায় প্রদক্ষিণ করে স্মৃতিসৌধে এসে শেষ হয়।
মন্ত্রী ছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
উল্লেখ্য, ১৯৪২ সালের ১৭ ই ডিসেম্বর থেকে শুরু হয়ে ব্রিটিশ সরকারের পাশাপাশি প্রায় বাইশ মাস তাম্রলিপ্ত জাতীয় সরকার চলেছিল।

