নিউজ বাংলা টুডে ডেস্ক : নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার দেশের সব সুসংহত শিশু বিকাশ কেন্দ্র, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের জন্য বরাদ্দ বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে জারি করা এক নির্দেশিকায় ‘প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পে’ চলতি অর্থবছরের জন্য এই খাতে বরাদ্দ নয় দশমিক ছয় শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে। এর ফলে সুসংহত শিশু বিকাশ কেন্দ্র এবং প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের দিন প্রতি মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে পাঁচ টাকা ৪৫ পয়সা এবং উচ্চ প্রাথমিকে ৮ টাকা ১৭ পয়সা করা হয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চল, হিমালয় সন্নিহিত দুটি রাজ্য এবং জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই বরাদ্দের ৯০ শতাংশ অর্থ কেন্দ্রীয় সরকার এবং বাকি ১০ শতাংশ সংশ্লিষ্ট রাজ্যগুলিকে বহন করতে হবে বলে জানানো হয়েছে। গত পয়লা অক্টোবর থেকেই এই বরাদ্দ বৃদ্ধির হার চালু হয়েছে।