কয়েকঘন্টা পরে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ধেয়ে আসছে কালবৈশাখী

নিউজ বাংলা টুডে ডেক্স:গত কয়েকদিন ধরেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সাধারণ মানুষ চাইছে এক পশলা বৃষ্টি। অবশেষে সেই দিন আসতে চলেছে। শুক্রবার থেকেই বদল হবে আবহাওয়া। তাপমাত্রা কমতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা এবং দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতায় আগামী রবিবার এবং সোমবার, আপাতত এই দু’দিনের জন্য পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহান্তে দাবদাহের তেজ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে শহরে।

কলকাতা ছাড়াও রবিবার থেকে বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এ ছাড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে শনিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনাও নেই।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বদলাতে চলেছে আবহাওয়ার মতিগতি। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে আজও বৃষ্টিপাত চলবে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তবে শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বদলাতেচলেছে আবহাওয়া।

