নিউজ বাংলা লাইভ ডেস্ক:- শুক্রবার দিনভর দফায় দফায় বৃষ্টির পর শনিবারও বদলাল না রাজ্যের আবহাওয়ার ছবি। সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার, কোথাও হালকা আবার কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি বঙ্গোপসাগরের উপরও সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ। এই দুই আবহাওয়া পরিস্থিতির প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে, ফলে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হতে পারে। শহর কলকাতাতেও সকাল থেকে বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির এই দাপট বজায় থাকায় স্বাভাবিক জনজীবনেও কিছুটা প্রভাব পড়তে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে। ফলে রাজ্যের দুই প্রান্তেই আপাতত স্বস্তির কোনও খবর নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে।