এগরায় রাজনৈতিক উত্তাপ: সাহাড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ
নিজস্ব :প্রতিনিধি এগরা পূর্ব মেদিনীপুর
পঞ্চায়েত পরিচালনায় একনায়কতন্ত্র, পঞ্চায়েতের আলোচনায় বিরোধীদের ইচ্ছাকৃত বাদ দেওয়া হয়, রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ এবং খোদ মুখ্যমন্ত্রীর ছবি না থাকা— এই একাধিক ইস্যুতে উত্তাল হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত কার্যালয়ের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন প্রভুপদ দাস, স্বপন সিংহ, মিলন দে, সুদীপ্ত বাগ সহ অন্যানরা।
বিক্ষোভকারী তৃণমূল সদস্যদের দাবি, বিজেপির প্রধান গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে পঞ্চায়েত চালাচ্ছেন। প্রধান পুষ্পরানী সাউ মাইতি বিরোধী দলের সদস্যদের কোনো উন্নয়নমূলক কাজে সামিল করা হচ্ছে না। সাধারণ আলোচনা সভা বা গ্রামসভার বিষয়ে বিরোধী সদস্যদের আগে থেকে কোনো নোটিস বা তথ্য দেওয়া হয় না। এলাকায় রাস্তা তৈরির কাজে ব্যাপক অনিয়ম ও বেনিয়মের অভিযোগ তুলেছেন তারা। প্রধান কখনো সঠিক সময়ে অফিস আসেননা। স্থানীয় বাসিন্দারা কোনো রকম দাবী বা অভিযোগ জানাতে গেলে রিসিভ কপি দেওয়া হয়না।
সরকারি কার্যালয় হওয়া সত্ত্বেও পঞ্চায়েত অফিসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়নি, যা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলে তৃণমূলের দাবি।
তৃণমূলের সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান পুষ্পরানী সাউ মাইতি। পালটা তৃণমূলের দিকেই আঙুল তুলে তিনি বলেন:
”পঞ্চায়েতের যাবতীয় সভার খবর বিডিও অফিস থেকে মেসেজের মাধ্যমে সকল সদস্যকে জানানো হয়। এখানে আমাদের কোনো হাত নেই। আসলে শাসক দল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং পঞ্চায়েত এলাকাকে অশান্ত করতে চাইছে।”