হকার উচ্ছেদের প্রতিবাদে এসইউসিআই (কমিউনিস্ট) দলের স্মারকলিপি জেলা শাসককে।
পূর্ব মেদিনীপুর: ২০১৪ সালে হকার আইন মেনে ভেন্ডিং কমিটি গঠন এবং পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ করার দাবিতে আজ এসইউসিআই (কমিউনিস্ট) এর পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক প্রণব মাইতি, প্রদীপ দাস, সুব্রত দাস, অনুপ মাইতি।
প্রণববাবু বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি এ জেলাতেও বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদের জন্য নোটিশ জারি করছে। মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ বিপর্যস্ত। যুবকরা স্বল্প পুঁজি নিয়ে রাস্তার দুপাশে ব্যবসা করছে।
উন্নয়ন নিশ্চয়ই প্রয়োজন কিন্তু এই বেকার যুবকদের মুখের গ্রাস কেড়ে নিয়ে উন্নয়ন করা নয় হকারদের সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত করে তাদের উপযুক্ত পুনর্বাসন দিয়ে তবেই উচ্ছেদ করা যেতে পারে। ফলে ২০১৪ সালের যে হকার আইন আছে তাকে কার্যকর করার জন্য সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার তিনি আহ্বান জানান।

